বাংলাদেশ পূর্বাঞ্চল রেলওয়ের বৈদ্যুতিক যন্ত্রপাতিসহ বিভিন্ন যন্ত্রপাতি বিক্রির মাধ্যমে কয়েক কোটি টাকা লোপাট করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে জমা পড়া অভিযোগ যাচাই বাছাই করে কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার দুদকের উপ-পরিচালক মো. নাসির উদ্দিনকে অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
দুদক সূত্র জানায়, বাংলাদেশ পূর্বাঞ্চল রেলওয়ের বিভাগীয় বিদ্যুৎ প্রকৌশলী (ডিইই) সফিকুর রহমান ও ফোরম্যান শেখ ফরিদ উদ্দিন অন্যদের যোগসাজশে রেলওয়ের মূল্যবান তার ও বিভিন্ন যন্ত্রপাতি অবৈধভাবে বিক্রি করেছে বলে অভিযোগ রয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ক্ষমতার অপব্যবহার করে মূল্যবান এ সব যন্ত্রপাতি বিক্রির মাধ্যমে অভিযুক্তরা কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন।
কমিশনের প্রাথমিক সোর্সে এ সব অভিযোগের সত্যতা যাচাই করে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিগগিরই অভিযোগ অনুসন্ধানে প্রয়োজনীয় যাবতীয় নথিপত্র তলব করা হবে।
