বিডিবিএলের জিএম আরফিনা বেগমকে দুদকে তলব

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৫, ১৯:৪৪

ঘুষের বিনিময়ে অদক্ষ লোক নিয়োগ ও বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) মহাব্যবস্থাপক (জিএম) আরফিনা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুদক কার্যালয় থেকে তার কাছে তলবের এ নোটিশ পাঠানো হয়েছে। দুদকের সহকারী পরিচালক (অনুসন্ধান ও তদন্ত-১) মো. সাইফুল ইসলাম এ নোটিশ করেছেন। নোটিশে আগামী ২২ ফেব্রুয়ারি তাকে দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদে হাজির থাকতে বলা হয়েছে।
দুদক সূত্র জানায়, বিডিবিএলের জিএম আরফিনা বেগম, ব্যাংকের ডিজিএম এ কে এম শফিকুল ইসলাম ও আরেক ডিজিএম সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। ব্যাংকের নিয়োগ দুর্নীতিতে তারা জড়িত। পরস্পর যোগসাজশে তারা ঘুষের বিনিময়ে ব্যাংকে অবৈধভাবে অদক্ষ লোক নিয়োগ করেছেন। এ ছাড়া ক্ষমতার অপব্যবহার করে ব্যাংকের অর্থ আত্মসাতের মাধ্যমে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। এসব অভিযোগ অনুসন্ধানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে দুদক সূত্র জানিয়েছেন।