‘নিজেদের খেলাটা খেলতে পারলেই জয় আসবে’

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৫, ১৯:৩৫
 
 
আগে থেকেই বলা হচ্ছিল, বিশ্বকাপে বাংলাদেশকে ভালো কিছু করতে হলে এই কন্ডিশনে তামিম ইকবালকে জ্বলে উঠতেই হবে। ইনজুরি, অস্ত্রপচার নিয়ে যে শঙ্কা তৈরী হয়েছিল, তা কাটিয়ে মাঠে ফিরে জ্বলে ওঠার লক্ষণই দেখিয়েছেন তামিম। তবে দলকে এখনও জয় এনে দিতে পারেননি।
 
ক্যানবেরায় বসে দৈনিক ইত্তেফাককে দেয়া একান্ত সাক্ষাতকারে বাংলাদেশ দলের অন্যতম ভরসা এই ব্যাটসম্যান বললেন, ‘এখন নিজের ও দলের পুরোপুরি জ্বলে ওঠার অপেক্ষায় আছেন তিনি। কন্ডিশন, প্রতিপক্ষ কোনো কিছুই নয়; নিজেরা নিজেদের খেলাটা খেলতে পারলেই জয় আসবে।
 
মোহাম্মদ জাহাঙ্গীরের নেয়া একান্ত সাক্ষাত্কারের খন্ডাংশ তুলে দেয়া হলো—
 
এখন তো আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়েই চিন্তা। ওদের কাছে এশিয়া কাপে বাংলাদেশ হেরেছে। আবার টি-টোয়েন্টি বিশ্বকাপে জিতেছিলাম। কোনটা মাথায় রাখছেন আপনারা?
 
তামিম: এখানে আমরা ওয়ানডে খেলবো; আর এশিয়া কাপে ওদের কাছে ওয়ানডেতেই হেরেছিলাম। তবে ওই ম্যাচটা যদি মনে করতে পারেন, তাহলে দেখবেন, ওটা কিন্তু আমরা নিজেদের অনেক ভুলের কারণে হেরেছি। আমরা একটা ব্যাপার বিশ্বাস করি যে, আমরা নিজেদের কাজটা ঠিক মতো করতে পারলে আফগানিস্তানের বিপক্ষে আমাদের খারাপ কিছু হওয়ার আশঙ্কা নেই।
 
বাংলাদেশ দলের অনেক পুরোনো বৈশিষ্ট্যটা বারবার দেখা যাচ্ছে— একটা উইকেট পড়লে, কয়েকটা উইকেট পতন। এটা কেন হয়?
 

তামিম: এটা খুব ভালো লক্ষণ না। একটা ভালো দল হতে হলে দুটো কাজ করতে হয়— একজন সেট হয়ে গেলে তাকে বড় ইনিংস খেলতে হয়। আর একজন আউট হয়ে গেলে আরেক জনকে দায়িত্ব নিতে হয়। সেটা না হওয়া নিয়ে আমরাও চিন্তিত। ব্যাক টু ব্যাক উইকেট পরার এই প্রবণতা নিয়ে আমরা নিজেদের মধ্যে কথা বলছি। চেষ্টা করছি এটা কাটিয়ে ওঠার।