ঢাকা-চট্টগ্রাম ও সিলেট রুটে ঘণ্টাব্যাপী ট্রেন চলাচল বন্ধ

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৫, ১৯:৫৩

ঢাকা-চট্টগ্রাম রেল রুটের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলস্টেশন এলাকায় রেল লাইন বেঁকে যাওয়ার কারণে সোমবার বিকাল ৫টার দিকে ঢাকার সাথে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে রেল লাইন আংশিক মেরামত করে সন্ধায় সাড়ে ৬টায় ঝুঁকিপূর্ণ অবস্থায় ঢাকার সাথে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ চালু করা হয়। এ সময় এই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।
আশুগঞ্জ রেল স্টেশন সূত্রে জানা যায়, আশুগঞ্জ রেল স্টেশনের কর্মচারীরা প্রতিদিনের মত সোমবার বিকালে স্টেশন এলাকা থেকে রেল লাইন পরীক্ষার করার কাজ শুরু করে। স্টেশনের পূর্বপাশে যাওয়ার পর প্রায় ২’শ গজ রেল লাইন বাকা অবস্থায় দেখতে পায় কর্মচারীরা। খবর পেয়ে স্টেশনের কর্মচারীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে বাকা রেল লাইন মেরামতের জন্য কাজ শুরু করে। এসময় ঢাকার সাথে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে করে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটগামী বিভিন্ন ট্রেন ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া ও তালশহর স্টেশনে আটকা পড়ে।
আশুগঞ্জ রেলস্টেশনের মাস্টার মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, ত্রুটিপূর্ণ রেল লাইন মেরামত কাজ চলছে। আংশিক মেরামত কাজ করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। তবে পুরোপুরি স্বাভাবিক হতে রাত ৮/১০টা পর্যন্ত সময় লাগতে পারে।