নোয়াখালী সদরের ধর্মপুর ইউনিয়ন ছাত্রলীগের দুই নেতা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সোমবার বিকাল সাড়ে পাঁচটার দিকে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ইসমাইল হোসেন (২৫) ও তারেক (২২)। দুর্ঘটনায় অপর এক ছাত্রলীগ নেতা আবুল হাসেম(২২) গুরুতর আহত হয়েছেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ইসমাইল ধর্মপুর গ্রামের এনামুল হক ও তারেক আবদুল মান্নানের ছেলে।
জানা যায়, বিকালে জেলা শহর মাইজদীতে স্থানীয় এমপি একরামুল করিম চৌধুরীর নেতৃত্বে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সহিংসতা বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সমাবেশ শেষে এই তিন ছাত্রলীগ নেতা মোটরসাইকেল যোগে দ্রুত বাড়ি ফেরার পথে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সড়কের বাংলাবাজার এলাকায় পাশাপাশি দুইটি মোটরসাইকেলের সংঘর্ষ বাধে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি গাছের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তারা মারা যান ও অপরজন আহত হন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নোয়াখালী জেলা হাসপাতাল মর্গে নিয়ে আসে।
