শাজাহানপুরে ট্রাকে আগুন, চালক ও হেলপার দগ্ধ

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৫, ২২:০২
 
বগুড়ার শাজাহানপুরে কয়লা বোঝাই ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়েছেন ট্রাকের চালক ও হেলপার।
 
সোমবার রাত সোয়া আটটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শাজাহানপুর উপজেলার বেতগাড়ী নামকস্থানে এই ঘটনা ঘটে। এর আগে সকালে বগুড়ায় বাবলু এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
 
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাবনাগামী একটি কয়লা বোঝাই ট্রাক বেতগাড়ী এলাকায় অবস্থিত নর্দান হ্যাচারিজ ও বাবলু ফিলিং স্টেশনের মাঝামাঝি স্থানে পৌঁছলে দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে ট্রাকটিতে আগুন ধরে যায়। চালক লাফ দিয়ে জীবন রক্ষা করলেও সামান্য দগ্ধ হয়েছেন। তবে হেলপার রতন কাজী অনেকটাই দগ্ধ হয়েছেন। পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।