চান্দিনায় বাসে পেট্রোল বোমা হামলা

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৫, ২১:৫৯
চান্দিনায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলা করেছে দুর্বিৃত্তরা। সোমবার রাত সোয়া ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ হামলা করে নাশকতাকারীরা। তবে এতে কেউ হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দাউদকান্দি থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী যাত্রীবাহী পাপিয়া ট্রান্সপোর্টের বাসটি (ঢাকা মেট্রো-ব-১১-১৩৫৯) হামলার শিকার হয়। এতে বাসের পিছনের অংশের একটি সিটে আগুন ধরে যায়। চালক গাড়িটি থামিয়ে বস্তাচাপা ও পানি দিয়ে আগুন নিভায়।
বাসের যাত্রী আব্দুল আজিজ জানান, গাড়িটি দ্রুত থামানোর কারণে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। কোন যাত্রী হতাহত হয়নি। 
পাপিয়া ট্রান্সপোর্টের ব্যবস্থাপক তাজুল ইসলাম জানান, গাড়িতে পেট্রোল বোমা হামলা হলে করণীয় সম্পর্কে চালক ও হেলপারদের প্রশিক্ষণ দেয়ায় যাত্রীরা রক্ষা পেয়েছে।  
এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোর্সেদ জানান, হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।