গণতন্ত্রের সব পথ রুদ্ধ করে দিলে চরমপন্থির উত্থান ঘটবে: খন্দকার মাহবুব

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৫, ০০:৪৩
 
 
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, গুলশান কার্যালয়ে অবরুদ্ধ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে দলীয় নেতা-কর্মীদের সাক্ষাতের সুযোগ দিচ্ছে না পুলিশ। কেউ গেলেই কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হচ্ছে। তিনি বলেন, এভাবে গণতন্ত্রের সব পথ রুদ্ধ করে দিলে স্বাভাবিকভাবে দেশে চরমপন্থি উত্থানের পথ সুগম হবে। সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক প্রেস-ব্রিফিংয়ে খন্দকার মাহবুব এসব কথা বলেন।
খন্দকার মাহবুব বলেন, গুলশানের কার্যালয়ে খাবার প্রবেশে বাধা দিয়ে সরকার অত্যন্ত সূক্ষ্মভাবে খালেদা জিয়ার প্রাণনাশের চেষ্টা করছে। অবিলম্বে এ ধরনের অমানবিক ও ন্যক্কারজনক কর্মকাণ্ড থেকে সরকারকে বিরত থাকার আহ্বান জানান তিনি। এ সময় সমিতির সম্পাদক ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন, সিনিয়র সহ-সভাপতি এম খালেদ আহমেদ, সহ-সম্পাদক নাসরীন আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।