ঝিনাইদহ সদর উপজেলায় র্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে চারটি পিস্তল, দুইটি শাটারগান, ১০টি গুলি ও ছয়টি পেট্রোল বোমা উদ্ধার হয়েছে। জানা গেছে, রফিক বিপ্লবী কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা।
র্যাব জানায়, মঙ্গলবার ভোররাতে সদর উপজেলার চুটলিয়া গ্রামে নান্নু মিয়ার মেহগনি বাগানে একদল চরমপন্থির বৈঠকের খবর পেয়ে অভিযানে যায় র্যাব। এ সময় র্যাবকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছুড়লে র্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। এক পর্যায়ে অন্যরা চলে গেলে গুলিবিদ্ধ একজনের লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা এসে রফিকের লাশ সনাক্ত করেন। রফিক ওরফে ‘ছোট তারেক’ (৪০) সদর উপজেলার বিষয়খালী গুচ্ছগ্রামের বাসিন্দা।
