বোকো হারামের ৮৬ জঙ্গি নিহত

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৫, ১৩:৫৬
 
ক্যামেরুন সেনাবাহিনী ৮৬ বোকো হারাম জঙ্গিকে হত্যা ও সংগঠনটির সঙ্গে জড়িত থাকার সন্দেহে আরো এক হাজার জনকে আটকের দাবি করেছে। মঙ্গলবার এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ক্যামেরুনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দিদিয়ের বাদজেক বলেন, নাইজেরিয়ার সীমান্তের কাছে ওয়াজা অঞ্চলে সংঘর্ষে ক্যামেরুনের পাঁচ সৈন্যও নিহত হয়েছে।
নাইজেরিয়ার জঙ্গি সংগঠন বোকো হারাম প্রতিবেশী বিভিন্ন দেশে বিশেষত ক্যামেরুন ও শাদে হামলা চালিয়ে আসছে। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত সংঘাতে ১৩ হাজারেরও বেশি লোক নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ইকোনমিক কমিউনিটি অব সেন্ট্রাল আফ্রিকান স্টেটস (ইসিসিএএস) এর উদ্যোগে সোমবার ক্যামেররুনের রাজধানীতে ১০ দেশের প্রতিনিধিরা বৈঠক করেন। এতে তারা ইসলামপন্থীদের বিরুদ্ধে যুদ্ধে আরো সহায়তা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।
শাদ, ক্যামেরুন, নাইজার ও নাইজেরিয়া বোকো হারামের বিরুদ্ধে যুদ্ধ করতে একটি সামরিক জোট গড়ে তুলেছে।
ক্যামেরুনের এক সেনা কর্মকর্তা জানান, দেশের উত্তরাঞ্চলের মারোয়া শহরে বোকো হারামের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এক হাজারেরও বেশি লোককে আটক করা হয়েছে। গত বছরের আগস্ট থেকে ঐ এলাকায় ক্যামেরুনের দুই হাজারেরও বেশি সৈন্য মোতায়েন রয়েছে।
সেনাবাহিনীর স্থানীয় কমান্ডার কর্নেল জোসেফ নুমা বলেন, বোকো হারামের সদস্য সন্দেহে এক হাজারেও বেশি লোককে আটক করা হয়েছে।