হরতাল বাড়ল শুক্রবার সকাল পর্যন্ত

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৫, ১৫:৪৮
 
দেশব্যাপী বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা হরতাল শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত বাড়ানো হয়েছে। মঙ্গলবার দুপুরে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ এক বিবৃতিতে এই ঘোষণা দেন।
পূর্বঘোষিত ৭২ ঘণ্টার হরতাল বুধবার সকাল ছয়টায় শেষ হওয়ার কথা ছিল।
বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগের রাষ্ট্রক্ষমতার চিরস্থায়ী বন্দোবস্তে নেশায় গোটা জাতি আজ চরম শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে নিপতিত। অবৈধ ক্ষমতা পাকাপোক্ত করার ঘৃণ্য চক্রান্ত বাস্তবায়নে রাষ্ট্রযন্ত্রের চূড়ান্ত অপব্যবহারের এমন  নজির মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে।
বিবৃতিতে সরকারকে হুঁশিয়ার করে সালাহউদ্দিন বলেন, চলমান গণ-আন্দোলন গ্রাম-বাংলার ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে।  খালেদা জিয়ার চূড়ান্ত ত্যাগ স্বীকারের বার্তা পৌঁছে গেছে কৃষাণীর উঠোন থেকে শুরু করে রাজাধানীর গলিপথ পর্যন্ত। খালেদা জিয়াকে অপমানিত ও আক্রান্ত করার  ‘নাটক মঞ্চস্থ করা’ বন্ধ না হলে বিএনপির  নেতা-কর্মীরা কেন্দ্রের নির্দেশের অপেক্ষায় থাকবে না। অতএব আগুন নিয়ে খেলা বন্ধ করুন।
বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত ‘গণতন্ত্র মুক্তির নিরন্তর সংগ্রাম’ অব্যাহত থাকবে বলে বিবৃতিতে বলা হয়।