বালি নাইন মামলা: ফাঁসির দণ্ডপ্রাপ্ত ২ অস্ট্রেলীয়কে ক্ষমার আহ্বান

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৫, ১৭:০৪
 
 
 
বালি নাইন ড্রাগ মামলায় ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত দুই অস্ট্রেলীয় নাগরিককে ক্ষমা করে দিতে ইন্দোনেশিয়া সরকারের কাছে আবেদন জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রীরা।  এ ছাড়া, মামলাটিতে এখনো কোনো না কোনো বিকল্প খুঁজে পাওয়া যাবে বলে মনে করেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী টনি অ্যাবোট। গত সোমবার অ্যাবোট একথা বলেন।
একটির ড্রাগ পাচার চক্রের পরিচালনা করায় অ্যান্ড্রু চ্যান এবং মায়ুরান সুকুমারাকে ২০০৬ সালে মৃত্যুদণ্ড দেয় ইন্দোনেশিয়ার সরকার। ড্রাগ পাচারের এ ঘটনাটি বালি নাইন হিসেবে পরিচিত। এ দিকে, তাদের ফাঁসি কার্যকরের লক্ষ্যে এ সপ্তাহে ইন্দোনেশিয়ার একটি দ্বীপ কারাগারে নিয়ে যাওয়া হবে। অস্ট্রেলীয় গণমাধ্যম জানিয়েছে, তাদের দুইজনকে বুধবার নুসা কামবাঙ্গান কারাগারে স্থানান্তর করার কথা থাকলেও নিতে দেরি করা হচ্ছে। ফলে তারা কিছু দিন তাদের পরিবারের সাথে থাকতে পারবেন বলে গণমাধ্যমটি জানিয়েছে। পৃথিবীর সবচেয়ে কঠিন ড্রাগ আইন রয়েছে দেশটিতে। 
ও দিকে, অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বব হক গণমাধ্যমের সাথে এক সাক্ষাত্কারে বলেছেন, মানবিকতাবোধের ওপর নির্ভর করে বিচার হওয়া উচিত। ওই দুই ব্যক্তি যখন এই ভুলটা করেছে তখন তাদের বয়স ছিল খুব অল্প। কারাগারে থাকা অবস্থায় তারা ভালো আচরণ দেখিয়ে রোল মডেল হয়েছেন। তাই আমার অনুরোধ, তাদের জীবন নেয়ার আগে সরকার সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করে দেখবেন।  এ ছাড়া, সাবেক প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডও এ ঘটনায় দুঃখ প্রকাশ করে ওই দুজনকে সহানুভূতি দেখানোর আবেদন জানিয়েছেন।