পাকিস্তানের লাহোরে পুলিশ সদর দপ্তরে চালানো বোমা হামলায় আটজন নিহত হয়েছেন। এছাড়াও আরো বহু লোক আহত হয়েছেন বলে খবরে জানিয়েছে পাকিস্তানের দৈনিক ডন। এক বিবৃতিতে পাকিস্তানের জঙ্গিসংগঠন তেহরিক-ই-তালেবান হামলার দায় স্বীকার করেছে। লাহোর পুলিশ লাইনের প্রধান গেটের কাছে হামলাটি চালানো হয়। হামলায় অন্তত একজন পুলিশ সদস্য নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো। প্রাথমিক তথ্য অনুযায়ী, গেটের কাছে পার্ক করে রাখা একটি গাড়িতে বোমাটি বিস্ফোরিত হয়। তবে অসমর্থিত প্রত্যক্ষদর্শী সূত্রে ডন জানিয়েছে, একজন আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটালে এই হতাহত হয়। আশপাশে থাকা গাড়িগুলোতে আগুন ধরে যায় ও বাড়ির জানালার কাঁচ ভেঙে যায়। লোকজন পূর্ণ যায়গাটিতে বিস্ফোরণের পর ঘন ধোঁয়ায় ছেয়ে যায় এলাকাটি।
