বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফেরত পাঠানোর বিষয়টি বিবেচনা করবে কানাডা

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৫, ১৮:৫০
 
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নূর চৌধুরীর প্রত্যাবর্তনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়েছে কানাডা সরকার। কানাডা সফররত বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে এক বৈঠকে দেশটির পররাষ্ট্র বিষয়ক সিনিয়র এ্যাসিসটেন্ট ডেপুটি মিনিস্টার পিটার বোহেম এ কথা বলেন। মঙ্গলবার ঢাকায় প্রাপ্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
 

বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বদানকারী পররাষ্ট্র সচিব আজ কানাডার রাজধানী অটোয়ায় অনুষ্ঠিত এই বৈঠকে বঙ্গবন্ধুর হত্যাকারী মৃত্যুদণ্ডপ্রাপ্ত নূর চৌধুরীর প্রত্যাবর্তনের বিষয় উত্থাপন করেন। শহীদুল হক এই পলাতক খুনিকে বাংলাদেশ সরকারের হাতে হস্তান্তরের জন্য কানাডা সরকারকে অনুরোধ জানান। এর জবাবে দেশটির সিনিয়র অ্যাসিসটেন্ট ডেপুটি মন্ত্রী বলেন, ‘কানাডা সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে দেখবে।’