ব্যবসায়ী ওয়াহিদুর রহমানের বিরুদ্ধে এক হাজার কোটি টাকা আত্মসাত্ করার অভিযোগ অনুসন্ধানে দ্য সিটি ব্যাংক লিমিটেডের পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের সিনিয়র উপপরিচালক মো. জুলফিকার আলীর নেতৃত্বাধীন একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করেন।
মঙ্গলবার যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তারা হলেন— সিটি ব্যাংকের প্রধান শাখার সাবেক সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মাসুদ আল ফারুক, সাবেক এসএভিপি মো. মিজানুর রহমান, সাবেক ইভিপি ও ম্যানেজার মো. আব্দুল কুদ্দুস, সাবেক ভিপি মো. শওকত আলী ও সৈয়দ ফাখরী ফয়সাল। এর আগে গত ৯ ফেব্রুয়ারি তাদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক।
সূত্র জানায়—ব্যবসায়ী ওয়াহিদুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন সময় দেশের চারটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে নামে-বেনামে প্রায় এক হাজার কোটি টাকা নিয়ে আত্মসাত্ করার অভিযোগ রয়েছে। এর মধ্যে বেসিক ব্যাংক থেকে ৭৬৭ কোটি টাকা, আইসিবি ইসলামি ব্যাংক থেকে ১০০ কোটি, বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে ১৫২ কোটি, সিটি ব্যাংক থেকে ৬ কোটি এবং আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি থেকে ২ কোটি ৪০ লাখ টাকা আত্মসাত্ করেছেন বলে জানা গেছে। এর বেশির ভাগ টাকাই তিনি ঋণ নিয়েছেন ভুয়া ও বেনামী প্রতিষ্ঠানের নামে। ব্যাংকের ঋণের নথিতে উল্লেখিত ঠিকানার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই।
কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন সময়ের অনুসন্ধানে এ সব তথ্য বেরিয়ে এলে পরবর্তী সময়ে দুদক তা আমলে নিয়ে অনুসন্ধান শুরু করে। কেন্দ্রীয় ব্যাংকের একাধিক প্রতিবেদনে এ সব ঋণ আদায় হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করা হয়েছে।
