বেগমগঞ্জ ভূমি অফিসে অগ্নিসংযোগ, দপ্তরের কাগজপত্র ছাই

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৫, ১২:২৩
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ভূমি অফিসে দুর্বৃত্তদের দেয়া আগুনে শত শত নথিসহ প্রধান সহকারী দপ্তরের সর্বস্ব ছাই হয়ে গেছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, চৌমুহনী শহরের পূর্ব বাজারের কাচারী বাড়ি মসজিদের কাছে অবস্থিত বেগমগঞ্জ উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারীর দপ্তরের পেছনের কাচের জানালা ভেঙ্গে দাহ্য পদার্থ দিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়। এতে প্রধান সহকারীর দপ্তরের তিনটি আলমারির ভিতরে ও উপরে রাখা শতশত সরকারি বেসরকারি নথি ছাই হয়ে গেছে। তাছাড়া দপ্তরের কম্পিউটারসহ বিভিন্ন আসবাবপত্রও পুড়ে গেছে। খবর পেয়ে চৌমুহনী অগ্নি নির্বাপক দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার ভোর রাতে ফযরের নামাজের পর পার্শ্ববর্তী মসজিদ থেকে মুসল্লিরা বের হলে আগুনের ধোয়া দেখতে পেয়ে অগ্নি নির্বাপক দলকে খবর দেয়। অগ্নি নির্বাপক দল আসার আগেই মুহূর্তে প্রধান সহকারীর দপ্তরের সব ছাই হয়ে যায়।
বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নোয়াখালী জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় সাধারণ ডায়েরি হয়েছে।