কমলনগরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৫, ১৩:০২
লক্ষ্মীপুরের কমলনগরে মো. আবুল কাশেম (৪৮) নামের এক মোরগ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে লরেন্স-ফজুমিয়ারহাট সড়কের কিল্লার রাস্তার মাথা এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত আবুল কাশেম সাহেবেরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত শামছুল হক খলিফার ছেলে।
নিহতের ছেলে মো. রনি জানায়, ভোররাতে তার বাবা বাইসাইকেলে করে চরকাদিরা এলাকায় মোরগ কিনতে যান। কিল্লার রাস্তার মাথা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ভোররাতের কোন এক সময়ে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’