মোদীর নাম লেখা স্যুটের দর উঠল ১ কোটি রুপি

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৫, ১৮:০২

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম লেখা গলাবন্ধ স্যুট ও বিভিন্ন সময় তাকে দেয়া ৪৪৫ টি উপহারের নিলাম বুধবার দেশটির হীরক নগরী সুরাতে শুরু হয়েছে।আর সেই স্যুটের দাম উঠল রীতিমতো ১ কোটি রুপি। সুরাটের এর ব্যবসায়ী সুরেশ আগরওয়াল ১ কোটি রুপি দাম হেঁকেছেন। নিলামের অর্থ গঙ্গা নদী দূষণমুক্ত করার কাজে ব্যবহার করা হবে।
মন্ত্রিসভায় মোদির কয়েকজন সহকর্মী তাকে স্যুটটি নিলামে তোলার এবং নিলামের অর্থ স্বচ্ছ ভারত অভিযানে ব্যয় করার পরামর্শ দিয়েছিলেন। এর প্রেক্ষিতে নিলামের অর্থ বারানসীর একটি এনজিওকে দেয়া হবে।
গত ২৫ জানুয়ারি নয়াদিল্লীতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে বৈঠককালে মোদি এ স্যুট পরেছিলেন। স্যুটের মনোগ্রামে তার পুরো নাম ‘নরেন্দ্র দামোদরদাস মোদি’ লেখা রয়েছে। এই স্যুটের নিলাম তিন দিন ধরে চলবে। নিলামের অর্থ নামামী গঙ্গা ট্রাস্টে জমা দেয়া হবে।
গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালে মোদি তার বেশ কিছু উপহার সামগ্রী একই ধরণের নিলামে তুলেছিলেন।
দিল্লী বিধানসভা নির্বাচনের সময় মোদির স্যুট আরো একবার গুরুত্ব পায়। কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রশ্ন রেখে বলেন, কীভাবে একজন রাজনৈতিক নেতা এমন দামী স্যুট পরেন।
সূত্র-বাসস।