সুনামগঞ্জের ছাতকে ইসলামপুর ইউনিয়নের বনগাঁও গ্রামে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে ধরতে গিয়ে চার পুলিশ আহত হয়েছেন।
জানা গেছে, মঙ্গলবার রাতে কোম্পানীগঞ্জ থানার ডাকাতি মামলার পলাতক আসামি আমির আলীকে (৪০) গ্রেফতার করতে তার বাড়ীতে অভিযান চালায় পুলিশ। বাড়ীতে তল্লাশী চালানোর সময় আমির আলী বাড়ীর পাশের একটি দোকানে ছিলেন। বাড়ীতে পুলিশের উপস্থিতি টের পেয়ে আমির আলী ডাকাত এসেছে বলে চিৎকার করতে থাকলে তার আত্মীয় স্বজনসহ লোকজন এসে পুলিশকে ঘেরাও করে ইট-পাটকেল ছুড়ে ও মারপিট করতে থাকে। এ সময় এসআই আব্দুল মান্নান, কনস্টেবল নাজমুল হোসেন, শরিফ আহমদ, আজহার উদ্দিন আহত হন। পরে আসামি না ধরেই তারা থানায় ফিরে যায়।
এসআই আব্দুল মান্নান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
