মিরপুরে বন্ধুর ছুরিকাঘাতে আহত এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৫, ২০:০৬
 
 
 
 
 
 
 
মিরপুরে বন্ধুর ছুরিকাঘাতে আহত এসএসসি পরীক্ষার্থী মাহফুজুর রহমান তুষার (১৬) মারা গেছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০১ নম্বর ওয়ার্ডে চিকিত্সাধীন অবস্থায় সে মারা যায়। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিহত তুষার দারুস সালাম এলাকার ঢাকা মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল তুষার।
শাহআলী থানার ডিউটি অফিসার এসআই শোভন  জানান গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে সিনিয়র জুনিয়রের বিরোধ নিয়ে মিরপুর-১ এর ডি ব্লকের ৯ নম্বর রোডে ছুরিকাঘাতে আহত হয় তুষার। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিত্সাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় তুষারের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। নিহত তুষারের বাবার নাম মতিউর রহমান। তার বাসা মিরপুর-১ নম্বরের দক্ষিণ বিশিল এলাকায়।
এর আগে গত ১১ ডিসেম্বর মিরপুরের রূপনগরে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে প্রতিপক্ষের হাতে স্কুল ছাত্র নাজিউর রহমান রিয়ান এবং ১১ সেপ্টেম্বর মিরপুরে একই দ্বন্দ্বে স্কুল ছাত্র মাহিদুর রহমান ইমন খুন হন।