গোদাগাড়ীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৫, ১৯:৫৯

রাজশাহীর গোদাগাড়ীতে সিএনজি চালিত অটোরিকশা ও চাল বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- ট্রাকের হেলপার মিজানুর রহমান (২২) ও সিএনজি যাত্রী রবিউল ইসলাম (৪০)। মিজানুরের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কলিকাদীঘি গ্রামে। তার বাবার নাম নজরুল ইসলাম। অপরজন চাঁপাইনবাগঞ্জের  
শিবগঞ্জ উপজেলার চন্ডিপুর হাউসনগর গ্রামের মৃত লাল মোহাম্মদের ছেলে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দশজন। আহতদের মধ্যে ৮ জন সিএনজি’র যাত্রী। বুধবার বিকাল সাড়ে চারটার দিকে রাজশাহী-চাঁপাই মহাসড়কে উপজেলার লালাদীঘি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জমুখি সিএনজি চালিত একটি অটোরিকশা (নবাবগঞ্জ থ-১১-০০৫৯) ও সোনামসজিদ থেকে ঢাকাগামী একটি চাল বোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো ড-১৪-১৪৩২) মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশাটি পুরোপুরি দুমড়ে মুচড়ে যায়। এতে আহত হন অন্তত ৯ যাত্রী। অন্যদিকে, সংঘর্ষে চাল বোঝাই ওই ট্রাকটিও মহাসড়কে উল্টে যায়। এতে ট্রাকের চালের বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই হেলপারের মৃত্যু হয়। এছাড়াও আহত হন ট্রাকের চালকসহ আরও দুইজন। আহত মোট ১১ জনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হলে সিএনজি যাত্রী রবিউল ইসলাম মারা যান। আহত অন্যান্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ জানান, নিহত মিজানুরের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।