বিআইএফসিএলের এমডিসহ দুই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৫, ২০:১৯

আনন্দ শিপইয়ার্ডের প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে দেশের দু’টি আর্থিক প্রতিষ্ঠানের এমডি ও ডিএমডিকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কশিমন (দুদক)।
বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের সিনিয়র উপ-পরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বাধীন একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করে।
যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা হলেন- বাংলাদেশ ইন্ড্রাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের (বিআইএফসিএল) ব্যবস্থাপনা পরিচালক ইনামুর রহমান ও প্রিমিয়ার লিজিং এ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের (পিএলএফএল) উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মাসকুর আহমেদ। এর আগে গত ১০ ফেব্রুয়ারি ওই কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করে নোটিশ দেয় দুদক।
দুদক সূত্র জানায়, দেশের ১২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগ রয়েছে আনন্দ শিপইয়ার্ড এর বিরুদ্ধে। জাহাজ নির্মাণের পূর্ব অভিজ্ঞতা না থাকলেও পর্যাপ্ত জামানত ছাড়া এ সব ঋণ দেয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে এ সব জালিয়াতির তথ্য বেরিয়ে আসে। বাংলাদেশ ব্যাংকের পরিদশনের রিপোর্টের পর কমিশন তা আমলে নিয়ে অনুসন্ধান শুরু করে।