মানবতা-বিরোধী অপরাধে জামায়াত ইসলামীর নেতা আবদুস সুবহানের বিরুদ্ধে দেয়া ট্রাইব্যুনালের রায় দ্রুত কার্যকরের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চ।
বুধবার রাজধানীর শাহবাগে এক অবস্থান কর্মসূচিতে গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার এ দাবি জানান। সুবহানের মানবতা-বিরোধী অপরাধের ব্যাপারে ট্রাইব্যুনালের রায়কে সামনে রেখে বেলা সোয়া ১১টা থেকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করে গণজাগরণ মঞ্চের কর্মীরা। দুপুরে রায়ের সংবাদ প্রকাশ হওয়ার পর শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পর্যন্ত একটি আনন্দ মিছিল শেষে অবস্থান কর্মসূচি শেষ করেন তারা।
রায় প্রকাশের পর প্রতিক্রিয়া জানিয়ে ইমরান বলেন, ‘মানবতা-বিরোধী অপরাধে আবদুস সুবহানের ফাঁসির রায়ে খুশি হয়েছি। এটা দেশের সকল নাগরিকের প্রত্যাশিত ছিল। এই রায় জনমানুষের আকাঙ্খা পূরণ করেছে। কিন্তু দীর্ঘ সময় ধরে যুদ্ধাপরাধীদের ১৬টি রায় হলেও শুধু কাদের মোল্লার রায় কার্যকর হয়েছে। এ রায়গুলো কার্যকর করা নিয়ে সরকারের কাছে আমাদের প্রশ্ন আছে। রায় কার্যকর করা নিয়ে সরকারের আন্তরিকতা নিয়েও প্রশ্ন জেগেছে।’
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে গড়েওঠা গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র বলেন, ‘রায় কার্যকরের চিত্রেই বোঝা যাচ্ছে, রায় হওয়া মানে বিচার নয়। রায় কার্যকর হলেই ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। অবিলম্বে কামারুজ্জামানের রায় কার্যকর করতে হবে। আর এর মধ্য দিয়ে যুদ্ধাপরাধীদের রায় কার্যকরে যে খরা তৈরি হয়েছে, সেটি কাটিয়ে ওঠা যাবে।’
