সোয়াইন ফ্লু ঠেকাতে বিশেষ ইউনিট খোলার নির্দেশ

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৫, ২২:২৩
 
ভারতে সোয়াইন ফ্লু বিস্তারের কারণে বাংলাদেশে যাতে এর সংক্রমণ না ঘটে এজন্য বক্ষব্যাধি হাসপাতাল ও সংক্রামক ব্যাধি হাসপাতালসহ দেশের ৬৪ জেলা হাসপাতালে বিশেষ ইউনিট খোলার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
গতকাল বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সোয়াইন ফ্লু প্রতিরোধে করণীয় বিষয়ে জরুরি সভায় তিনি এ নির্দেশ দেন।
সভায় তিনি বলেন, হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ঔষধ সংগ্রহ ও মজুদ করতে হবে। বক্ষব্যাধি হাসপাতাল, সংক্রামক ব্যাধি হাসপাতালসহ দেশের ৬৪ জেলা হাসপাতালে এজন্য বিশেষ ইউনিট পৃথকভাবে খোলার ব্যবস্থা করতে হবে। যদি কোনো ব্যক্তি সোয়াইন ফ্লুতে আক্রান্ত হন তবে সাথে সাথে তাঁকে  ঐ ইউনিটে প্রেরণ করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
ঢাকা বিমান বন্দরসহ বিভিন্ন বন্দরে স্থাপিত সাতটি থার্মাল স্ক্যানারগুলোকে বিদেশ থেকে বিশেষ করে ভারত থেকে আগত যাত্রীদের জ্বর পরীক্ষার কাজে ব্যবহার করার জন্য নির্দেশ দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সব বন্দরে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। সেখানে কর্তব্যরত মেডিকেল টিমগুলোকে সতর্ক থেকে এই সংক্রামক রোগ প্রতিরোধে প্রস্তুত থাকতে হবে।