দাউদকান্দিতে পুলিশ- বিএনপি সংঘর্ষ, পুলিশসহ আহত ৮

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৫, ২৩:২৩

কুমিল্লার দাউদকান্দিতে আসামি ধরতে গিয়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে  পুলিশসহ অন্তত ৮ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের ভেলানগর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মোল্লাকে (৪০) গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় দাউদকান্দি থানা পুলিশের উপ-পরিদর্শক তপন বকসীর নেতৃত্বে সাদা পোশাককধারী পুলিশ ঢাকা-চট্টগাম মহাসড়কের রায়পুরে গাড়িতে পেট্রোল বোমা মামলার আসামিকে ধরতে অভিযান চালায়। এ সময় পুলিশ মামলায় অভিযুক্ত স্থানীয় বিএনপি নেতা জসিম উদ্দিনকে জাপটে ধরে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি, গুলি, সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ফাঁকা গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এতে পুলিশের কনস্টেবল বিপুলসহ অন্তত ৮ জন আহত হয়েছে। তবে অভিযানে নেতৃত্বদানকারী দাউদকান্দি মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক তপন কুমার বকসী বলেন, গাড়িতে পেট্রোল বোমা মামলার এজারভুক্ত আসামি জসিম উদ্দিনকে ধরে নিয়ে আসার সময় তার লোকজন তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাসহ পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এসময় পুলিশও  পাল্টা গুলি চালায়। রাত সাড়ে ১০টায় দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, ভেলানগরে আসামি ধরতে পুলিশের সঙ্গে আসামি পক্ষের গোলাগুলি হয়েছে। তবে এতে কেউই মারাত্মক আহত হয়নি। সামান্য আহত পুলিশ কনস্টেবল বিপুল কে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে বলে ওসি দাবি করেছেন।