শালিখায় ট্রাকের ধাক্কায় মটরসাইকেল চালক নিহত, আহত ১

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৫, ২৩:৪৯

মাগুরার শালিখা উপজেলার ছয়ঘরিয়া এলাকায় বুধবার (১৮ ফেব্রুয়ারী) রাতে মটর সাইকেল দুর্ঘটনায় মোঃ সুমন (৩০) নামে এক যুবক নিহত ও কামরুজ্জামান (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাদের বাড়ি শ্রীপুর উপজেলার বদনপুর গ্রামে।

মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান  জানান- সুমন ও কামরুজ্জামান রাত ৮টার দিকে যশোর থেকে মটর সাইকেল চালিয়ে মাগুরার দিকে আসছিলেন। পথে মাগুরা-যশোর সড়কের ছয়ঘরিয়া এলাকায় একটি ট্রাক তাদের পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলে সুমনের মৃত্যু হয়। এ সময় মটর সাইকেল আরোহী কামরুজ্জামান এর পা ভেঙ্গে যাওয়াসহ তিনি মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ মাগুরা সদর হাসপাতালে মর্গে পাঠানো হচ্ছে। ট্রাকটির চালক ও হেলপার পলিয়ে গেছে।