বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট বলেছেন, মানবপাচার রোধে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ একসঙ্গে কাজ করছে। মাদকপাচার ও অবৈধ অস্ত্র বিক্রির মতই কোন দেশ মানবপাচার একা বন্ধ করতে পারবে না। বিভিন্ন দেশের অপরাধীরা যেভাবে অপরাধ করার জন্য একসঙ্গে কাজ করে, আমাদেরও তা দমনে একসঙ্গে কাজ করতে হবে। বহুজাতিক অপরাধ দমনে সহযোগী হিসেবে কাজ করতে হবে। এই অপরাধীদের বিচার করতে হবে। ভুক্তভোগীদের সুরক্ষা দিতে হবে। বাংলাদেশের মত দেশ, যারা প্রাথমিকভাবে মানবপাচারের ভুক্তভোগী এবং যুক্তরাষ্ট্রের মত দেশ, যারা এর গন্তব্য উভয় দেশকে অবশ্যই একসঙ্গে কাজ করতে হবে। গতকাল বুধবার মানবপাচার-বিরোধী এক সেমিনারে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অফিস অব প্রসিকিউটোরিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং (অপড্যাট), দ্য অফিস অব ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ইনভেস্টিগেটিভ ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট (ইসিট্যাপ) এবং রিজিওনাল সিকিউরিটি অফিসের ওভার্সিস ক্রিমিনাল ইনভেস্টিগেশন (ওসিআই) শাখা ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের সহযোগিতায় আমেরিকান ক্লাবে দিনব্যাপী এই সেমিনারের আয়োজন করে। মানবপাচারের বৈশ্বিক প্রতিবন্ধকতা নিয়ে উভয় দেশের মধ্যে চলমান সংলাপের অংশ হিসেবে এই কর্মসূচিটি সাজানো হয়েছে। বক্তব্যে মার্শা বার্নিকাট মানবপাচার প্রতিরোধে ‘সামগ্রিক গ্রাম’ পদ্ধতির মাধ্যমে পুলিশ, আইনজীবী ও নাগরিক সমাজকে একীভূত করার উপর জোর দেন।
