ভূঞাপুরে ট্রাকে পেট্রোল বোমা হামলা, চালক ও হেলপার দগ্ধ

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৫, ১৪:২৬


টাঙ্গাইলের ভূঞাপুরে চলন্ত ট্রাকে দূর্বৃত্তদের পেট্রোল বোমা হামলায় ঐ ট্রাকের চালক ও হেলপার দগ্ধ হয়েছেন। বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া এলাকায় ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতুপূর্ব সড়কে এই ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধরা হলেন, টাঙ্গাইল সদর থানা কান্দুলিয়া পাড়া আব্দুল আলিমের ছেলে ট্রাক চালক উজ্জ্বল হোসেন (৩২) ও একই এলাকার আল আমিনের ছেলে মামুন মিয়া (২৪)। তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
 
টাঙ্গাইল জেলা ট্রাক সমিতির সহ-সভাপতি ও ঐ ট্রাকের মালিক আমিনুর রহমান জানান, উপজেলার সিরাজকান্দি বালুর ঘাট থেকে বালু বোঝাই করে ঢাকা যাওয়া পথে  ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতুপূর্ব সড়কের সারপলশিয়া এলাকায় দুর্বৃত্তরা গাড়িতে পেট্রোল বোমা ছুড়ে। ফলে ট্রাকে আগুন ধরে যায়। এতে ট্রাক চালক ও হেলপার মারাত্মকভাবে দগ্ধ হন। তাদের দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
এছাড়া ট্রাকটি পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান তিনি।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকে আগুন দেয়ার ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।