যুক্তরাষ্ট্রের যুদ্ধ ইসলাম বিকৃতকারীদের বিরুদ্ধে: ওবামা

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৫, ১২:১২
 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের যুদ্ধ ইসলামের সঙ্গে নয়। আমাদের লড়াই তাদের বিরুদ্ধে যারা ইসলামকে বিকৃতভাবে উপস্থাপন করছে।’ ধর্মীয় উগ্রপন্থা নিয়ে হোয়াইট হাউসে আয়োজিত তিনদিন ব্যাপী সম্মেলনে তিনি এসব কথা বলেন। খবর: বিবিসির।
বুধবার থেকে শুরু হওয়া সম্মেলনে বিশ্বের ৬০টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। সম্প্রতি ডেনমার্ক ও ফ্রান্সে সন্ত্রাসী হামলার পর এই সম্মেলনের আয়োজন করা হলো।
ওবামা বলেন, ‘মৌলবাদী আদর্শের বিরুদ্ধে বিশ্বকে যুদ্ধ করতে হচ্ছে। যারা ইসলামিক স্টেট (আইএস) বা আল-কায়েদার মতো গোষ্ঠীগুলোর নেতৃত্ব দিচ্ছেন তারা ধর্মীয় নেতা নন, সন্ত্রাসী।
তিনি বলেন, আইএস বা আল-কায়েদাকে ইসলামের সঙ্গে মেলালে তাতে ঐ গোষ্ঠীগুলোর বক্তব্যকে গুরুত্ব দেয়া হবে।’
সিরিয়া ও ইরাকে ইসলামিক স্টেটের বিরুদ্ধে সেনা অভিযান পরিচালনার জন্য কংগ্রেসের কাছে আবেদন করেছেন ওবামা। অনুমোদন পেলেই বিমান হামলার পাশাপাশি সেনা অভিযানও শুরু করতে পারে পেন্টাগন।
গত বছর থেকেই যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা সহযোগীরা আইএস’র বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আসছে।