বেনাপোলের পুটখালী সীমান্তের ইছামতি নদী থেকে বৃহস্পতিবার সকালে শরিফুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। লাশটি পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। নিহত শরিফুল ইসলাম নড়াইলের কালিয়া থানার পেরুলিয়া গ্রামের হালিমের ছেলে।
২৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুর রহিম জানান, শরিফুল ইসলাম অসুস্থ থাকায় তার পরিবারের সঙ্গে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। সেখানে মারা গেলে পরিবার তার মৃতদেহ নিয়ে পুটখালী সীমান্ত পথে ইছামতি নদী পার হয়ে বাংলাদেশে আসছিল। এ সময় সেখানে টহলরত বিজিবি সদস্যরা দেখতে পেয়ে মৃতদেহ উদ্ধার করে পোর্ট থানা পুলিশের হাতে তুলে দেয়।
বেনাপোল পোর্ট থানা পুলিশ জানান, বিজিবি‘র মাধ্যমে খবর পেয়ে ইছামতি নদীর পাড় থেকে লাশ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে।
