৭০ লাখ রুপি মূল্যমানের বাড়ির মালিক চুনমুন। এমনকি ব্যাংকে তার রয়েছে কয়েক লাখ রুপি। কিন্তু সে কোনো চেকে সই করতে পারে না। কেননা, সে কোনো মানুষ নয়, বানর।
চুনমুন বাস করে ভারতের উত্তরপ্রদেশের রায়বেরেলিতে। সেখানে শীতাতপনিয়ন্ত্রিত কক্ষে থাকে সে। নিঃসন্তান সাবিস্তা ও ব্রজেশ দম্পতি উইল করে তাকে এই বিশাল সম্পত্তির উত্তরাধিকারী করেছে।
সাবিস্তা বলেছেন, চুনমুনের মা তাকে জন্ম দিয়ে মারা যায়। এরপর আমরা তাকে নিয়ে আসি। চুনমুনকে নিজের সন্তানের আদরে পালন করি। তাদের বাড়িটি ‘চুনমুন বাড়ি’ নামে পরিচিত।
চুনমুনের মানব বাবা-মা তার নামে এখন একটি ট্রাস্ট গঠনের চিন্তা করছেন, যেটি বানরদের কল্যাণে ব্যয় করা হবে।
IMG0
সাবিস্তার স্বামী ব্রজেশ এএনআইকে বলেছেন, আমার যখন থাকব না তখন এই অর্থ ঐসব বানরদের জন্য ব্যয় করা হবে, যারা মানুষের সঙ্গে বন্ধুত্বসুলভ এবং গাছ কাটার ফলে তারা বিপদগ্রস্ত হয়ে পড়েছে। মানুষের ভুল কাজের জন্য কোনো বানরের কষ্ট পাওয়া উচিত নয়। আর চুনমুন আমাদের ছেলের মতো।
বানর পোষা ভাগ্যের জন্য খারাপ স্থানীয়ভাবে প্রচলিত এ কুসংস্কারকে মিথ্যা প্রমাণিত করেছেন সাবিস্তা-ব্রজেশ দম্পতি। তাদের মতে, চুনমুন তাদের জীবনে সৌভাগ্য নিয়ে এসেছে। সূত্র: এনডিটিভি।
