ইউরোপিয় পার্লামেন্টের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী সাংবাদিকদের বলেছেন, ‘নির্বাচনের সময় আসলে তার আগে কথা বলা যাবে। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে শক্তিশালী করাসহ নতুন নিয়ম হতে পারে। তবে তা অবশ্যই হতে হবে ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কের মধ্যে। আর চলমান সন্ত্রাস-নাশকতা বন্ধ না করলে কোনো সংলাপ হবে না।’
বৃহস্পতিবার বিকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধি দলে গওহর রিজভীর সঙ্গে ছিলেন মসিউর রহমান, এইচ টি ইমাম, এম জমির, সৈয়দ আশরাফুল ইসলাম, দীপু মনি, ফারুক খান, আবদুস সোজহান গোলাপ ও অসীম কুমার উকিল।
তবে ইউরোপিয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপকমিটির ভাইস প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান দান প্রেদা নেতৃত্বাধীন প্রতিনিধি দলের কেউ সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।
বিএনপি-জামায়াত জোটের লাগাতার আন্দোলনের মধ্যে সোমবার ঢাকায় আসে এই প্রতিনিধি দলটি। পরে মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন তারা।
