উল্লাপাড়ায় বুধবার রাতে মানিক (৩৫) নামের এক যুবক খুন হয়েছেন। পুলিশ বৃহস্পতিবার সকালে তার বাড়ির পাশের ধানের জমি থেকে কাঁদা মাটি মাখা অবস্থায় মানিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মানিক উপজেলার পুকুরপাড় গ্রামের কাইয়ুম উদ্দিন প্রামানিকের ছেলে।
নিহত মানিকের পরিবার সুত্রে জানা গেছে, ঘটনার রাতে ৮ টার দিকে মানিক তার অসুস্থ মায়ের জন্য ওষুধ কিনতে বাড়ি থেকে বের হবার পর আর ফিরে আসেনি। উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক কামরুজ্জামান জানান, মানিককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।
