তানোরে বাসে পেট্রোল বোমা হামলা

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৫, ২৩:৪৫

রাজশাহীর তানোরে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে অবরোধ-হরতাল সমর্থকরা। উপজেলার মুন্ডুমালা পৌরসভার বুড়াবুড়ির মোড়ে এই হামলার ঘটনা ঘটে। তবে পেট্রোল বোমাটি বাসের লুকিং গ্লাসে লেগে ফিরে যাওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এ সময় আতঙ্কে দ্রুত নামতে গিয়ে মুন্ডুমালার খাদিজা (২৫), আনোয়ার হোসেন (২২) ও চাঁপাইনবাবগঞ্জের রাসেল (২৬) সামান্য আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।

তানোর থানার ওসি আনোয়ার হোসেন জানান, সিয়াম পরিবহণের (মৌলভি বাজার-জ-০৪-০০৯৯) বাসটি রাজশাহী থেকে তানোর হয়ে আমনুরায় যাচ্ছিল। পথিমধ্যে বুড়াবুড়ির মোড়ে পৌঁছালে কয়ক দুর্বৃত্ত বাসের সামনে চালককে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। কিন্তু সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে চালকের পাশের লুকিং গ্লাসে লাগে। এতে লুকিং গ্লাসে আগুন ধরে যায়। এ সময় বাসের যাত্রীরা আতঙ্কে দ্রুত নামতে গিয়ে তিনজন আহত হয়। পরে যাত্রীরা আগুন নিভিয়ে ফেলে। জড়িতদের ধরতে পুলিশী অভিযান চলছে বলে জানান ওসি।
উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি তানোরের ব্র্যাক মোড়ে বাসে পেট্রোল বোমা হামলায় নারী ও শিশুসহ ১০ যাত্রী গুরুতর দগ্ধ হন। ওই মামলার প্রকৃত আসামীরা গ্রেফতার হওয়ার আগেই বৃহস্পতিবার সন্ধ্যায় আবারো বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটলো।