গতকাল সকালে বাংলাদেশ দলের খেলোয়াড়রা ব্রিসবেনে পৌঁছানোর পর থেকে নাকি সূর্যের মুখ দেখেননি! সূর্যের মুখ দেখবেন কী করে? অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড প্রদেশ জুড়ে এখন বৃহত্ এক সাইক্লোন মার্সিয়ার আশঙ্কা। এই আশঙ্কায় প্রদেশের প্রায় সব শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আর এমন পরিস্থিতিতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবেনে পৌঁছেছে বাংলাদেশ।
ব্রিসবেন থেকে বিভিন্ন সূত্র দাবি করছে, এই অবস্থায় ম্যাচ আয়োজনের সম্ভাবনা কম। তারপরও যদি খেলা হয়, তাহলে আগামীকাল সকাল সাড়ে নয়টায় ব্রিসবেনের ‘দ্য গ্যাবা’ স্টেডিয়ামে বিশ্বকাপে যার যার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।
ব্রিসবেন থেকে বাংলাদেশের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানালেন, এখানে পৌঁছানোর পর থেকে তারা আকাশ জোড়া মেঘ আর থেমে থেমে বৃষ্টি দেখছেন; সঙ্গে দমকা হাওয়া আছে। কুইন্সল্যান্ড আবহাওয়া অফিস থেকে উপকূলের কয়েকটি শহরে ইতিমধ্যে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। খালি করতে বলা হয়েছে কয়েকটি শহর ও উপশহর। তাদের হিসাব মতে আজ সকাল থেকে দুপুরের মধ্যে কোনো এক সময়ে কুইন্সল্যান্ড উপকূল অতিক্রম করবে ‘মার্সিয়া’ নামের পঞ্চম ক্যাটাগরির এই সাইক্লোন। আবহাওয়া অফিস বলছে, সাইক্লোনের কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘন্টায় ২৯৫ কিলোমিটার; যা কি না স্থলভাগ স্পর্শের সঙ্গে সঙ্গে কয়েকগুণ বাড়তে পারে।
এ হেন কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবেনেই অনুষ্ঠিত হওয়ার কথা আগামীকালকের ম্যাচটি। যে আবহাওয়া এখনও পর্যন্ত দেখা যাচ্ছে, তাতে আগামীকাল সকালের মধ্যে খেলার মতো পরিবেশ তৈরি হওয়া খুব কঠিন বলেই স্থানীয় পত্রিকাগুলো দাবি করছে।
তেমন হলে বাংলাদেশকে হয়তো ব্রিসবেন শহর থেকে এই ঝড় দেখেই একটা পয়েন্ট নিয়ে ফিরে আসতে হবে। তবে কোনোভাবে খেলা হলে সেটা যে পেস বোলিংয়ের এক উত্সব হবে, তাতে সন্দেহ নেই। গ্যাবা এমনিতেই পৃথিবীর সবচেয়ে গতিশীল উইকেটের জন্য বিখ্যাত। সেখানে অস্ট্রেলিয়া আগেই ঘোষণা দিয়ে রেখেছে, তারা চার পেসার নিয়ে খেলতে নামবে। বাংলাদেশও আগের ম্যাচের মতোই তিন পেসার নিয়ে খেলবে।
