যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের আলোচনায় বসছে ইরান

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৫, ০১:০৫
তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আবারো আলোচনায় বসতে যাচ্ছে ইরান। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি একথা জানিয়েছেন। তবে তাত্ক্ষণিকভাবে মার্কিন প্রশাসন এ খবর নিশ্চিত করেনি। খবর সিএনএন’র।
ইরানের সংবাদ সংস্থা ইরনা’র কাছে আব্বাস আরাকচি বলেন, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে উপ-পররাষ্ট্র মন্ত্রী পর্যায়েও বৈঠক অনুষ্ঠিত হবে। আগামী রবিবার ও সোমবার জেনেভায় অনুষ্ঠেয় বৈঠকে ইরানের পররাষ্ট্র মন্ত্রী জাভেদ জারি এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরির অংশ নেয়ার কথা রয়েছে। 
আগামী শুক্রবার থেকে জাতিসংঘের সদর দফতর জেনেভায় এ আলোচনা শুরু হতে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রসহ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যদের প্রতিনিধিদের সাথে মাসব্যাপী আলোচনা হবে। এর মাধ্যমে তেহরানের সাথে পশ্চিমা বিশ্বের সম্পর্ক উষ্ণ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক পর্যায়ের চার দিনের বৈঠক শেষে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ছয় সদস্য দেশের কর্মকর্তাদের সাথেও বৈঠকের সম্ভাবনা রয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ছয় সদস্য হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, ফ্রান্স এবং জার্মানি। এই বৈঠকে ফলপ্রসূ আলোচনা হলে তেহরানের ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞার বিষয়টি শিথিল হতে পারে। এছাড়া পশ্চিমাদের সাথে সম্পর্ক উষ্ণায়নেও বিশেষ ভূমিকা রাখবে এই বৈঠক।
ইরানের দাবি, অন্যান্য দেশের মতো শান্তিপূর্ণ কর্মসূচির অংশ হিসাবে ইরানেরও পরমাণু শক্তি উন্নয়নের অধিকার রয়েছে। কিন্তু পশ্চিমা দেশগুলো অভিযোগ করে আসছে ইরান পরমাণু কর্মসূচির মাধ্যমে পরমাণু অস্ত্র তৈরি করছে।