পেট্রোল বোমার আগুন থেকে বাস এবং ব্যক্তিগত গাড়ি সুরক্ষার পদ্ধতি উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ফারুক বিন হোসেন ইয়ামিন। উদ্ভাবিত এই প্রযুক্তি ব্যবহার করলে পরিবহন সুরক্ষিত থাকবে। অন্যদিকে আগুনে ঝলসানো থেকে রক্ষা পাবেন যাত্রীরা।
স্কচ টেপ দিয়ে জানালার কাচ লেমিনেশন এবং জানালার ভিতর পাশে বিশেষ পর্দা ব্যবহার করে পেট্রোল বোমার আঘাত ও আগুন সফলভাবে নিয়ন্ত্রণ করা যাবে। এতে আগুন যানবাহনের ভিতর ছড়াতে পারবে না। ফলে জীবন রক্ষা করা সম্ভব হবে। এই প্রযুক্তির ব্যবহার করতে একটি বড় বাসের জন্য খরচ হবে ৫০০ টাকা।
প্রথমে যানবাহনের জানালার কাচ ৩ ইঞ্চি চওড়া স্বচ্ছ স্কচ টেপ দিয়ে লেমিনেশন করে নিতে হবে। এটি করলে পেট্রোল বোমা জানালার কাচ ভেঙে টুকরো টুকরো হয়ে ভিতরে ছিটকে পড়বে না। এছাড়া পেট্রোল ও আগুন ছড়িয়ে পড়া রোধ করবে। দ্বিতীয়ত পরিবহনের জানালার ভিতর পাশে বিশেষ পর্দা ব্যবহার করতে হবে। এই বিশেষ পর্দা তৈরি করতে হার্ডওয়্যারের দোকান থেকে কাঠে বার্নিশ করার পাতলা জালি কাপড় এবং দেয়ালে সাদা রং করার চক পাউডার নিতে হবে। সঙ্গে স্টেশনারি দোকান থেকে আঠা বা গাম (স্বচ্ছ) সংগ্রহ করতে হবে। এবার সবগুলোর পানি মিশিয়ে প্রলেপ দিয়ে রোদে শুকিয়ে উক্ত কাপড় পর্দা হিসাবে ব্যবহার করতে হবে। মিশ্রণটি হল-১ কেজি চক পাউডার + ১ লিটার পানি + ২৫০ গ্রাম আঠা বা গাম।
বিশেষ পর্দাটি অতি উচ্চ শোষণ ক্ষমতাসম্পন্ন হওয়ায় নিক্ষিপ্ত তেল দ্রুত শোষণ করে নেবে। ফলে তেল কম ছড়িয়ে পড়বে। এছাড়া পর্দাটি পরিবহনের পাশে আগুন ও তেল ছিটকে যেতে বাধা দেবে। অন্যদিকে চক পাউডার আগুনের তাপে কার্বন ডাই অক্সাইড উত্পন্ন করে। ফলে আগুনের দাহ্য ক্ষমতা কমে যাবে। এ বিশেষ পর্দাটি নিজে জ্বলে না, অন্যদিকে অন্যকে জ্বলতে বাধার সৃষ্টি করবে। এই প্রযুক্তি প্রসঙ্গে ফারুক বিন হোসেন ইয়ামিন বলেন, এই পদ্ধতি মালিকরা যানবাহনে ব্যবহার করলে আগুনে ঝলসানো থেকে রক্ষা পাবে প্রাণ। আর যানবাহনও পেট্রোল বোমার আগুন থেকে রক্ষা করা যাবে।
তিনি বলেন, বর্তমান রাজনৈতিক সহিংসতায় প্রতিদিনই পেট্রোল বোমার আগুনে ঝলসে প্রাণ হারাচ্ছে অথবা পঙ্গু হচ্ছে সাধারণ মানুষ। বিশেষ করে গণপরিবহনের সাধারণ যাত্রীরা বেশি ঝলসে যাচ্ছে। আমি দেখেছি পেট্রোল বোমার আগুন থেকে জীবন ও পরিবহন সুরক্ষিত রাখার কোন সহজ এবং কম মূল্যের লাগসই প্রযুক্তি নেই। তাই সাধারণ মানুষের জীবন রক্ষার্থে কিছু একটা করার চেষ্টা করেছি। শেষ অবধি যেটা করেছি সেটি অনেক সহজ এবং কার্যকর পদ্ধতি।
