আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের উদ্যোগে আজ শুক্রবার বিকাল ৪টায় রাজধানীসহ সারাদেশে একযোগে গণমিছিল কর্মসূচি অনুষ্ঠিত হবে। বিএনপি জোটের দেশবিরোধী চক্রান্ত, ষড়যন্ত্র, সন্ত্রাস, পেট্রোল বোমা হামলা, চোরাগুপ্তা বোমা হামলা, জঙ্গি নাশকতা, ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও মানুষ হত্যার প্রতিবাদে এ গণমিছিলের আয়োজন করা হয়েছে।
বঙ্গবন্ধু এভিনিউয়ের (বঙ্গবন্ধু স্কয়ার) সামনে থেকে কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে গণমিছিল বের হবে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে গিয়ে শেষ হবে এ গণমিছিল। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম গণমিছিল সফল করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
