দুর্নীতি ঠেকাতে অভিনব এক চেষ্টা চালাচ্ছে মস্কোর নগর সরকার। এজন্য তারা ব্যবহার করছে এক ধরনের কৌতুকের বই যার নাম ‘দুর্নীতির বিরুদ্ধে লড়াই।
ঘুষ নেয়াকে নিরুৎসাহিত করতে এ পর্যন্ত ত্রিশ হাজার সরকারি কর্মকর্তা-কর্মচারীকে এই বই পড়ানো হয়েছে।
এই বইটিতে অনেক ছবি ব্যবহার করা হয়েছে যার মূল কথা ঘুষ কিংবা দুর্নীতির বিরুদ্ধে। পাশাপাশি ব্যবহার করা হয়েছে ছোট ছোট গল্প এবং উক্তি। মস্কো সিটি ইউনিভার্সিটি এই ছবিগুলো তৈরি করেছে।যেমন একটি ছবিতে দেখা যাচ্ছে একজন ব্যক্তি স্বীকার করছেন যে তার ব্যক্তিগত গাড়িটি সম্পদ বিবরণীতে উল্লেখ করতে ভুলে গেছেন। এ বিষয়টি নিয়ে তিনি বিব্রত।
এই বইয়ের আরেকটি অধ্যায়ে বলা হয়েছে একজন কর্মকর্তা তিন হাজার রুবল অর্থাৎ পঞ্চাশ ডলারের কম উপহার গ্রহণ করতে পারবেন। কিন্তু একই ব্যক্তির কাছ থেকে এ ধরনের উপহার বারবার নেয়া যাবে না।
এই বইটি যারা লিখেছেন তারা বলছেন বিষয়বস্তুকে সহজভাবে তুলে ধরা এবং বইটি পড়তে আগ্রহ তৈরি করাটাই তাদের লক্ষ্য।
তারা বলছেন, দুর্নীতি নিয়ে কঠিন আইন-কানুন জটিল ভাষায় উপস্থাপন না করে সহজভাবে তুলে ধরা হয়েছে। খবর বিবিসি বাংলা।
