সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, ‘জনগণের ইচ্ছার বিরুদ্ধে সরকার টিকে থাকতে পারে না। জনগণ এ সরকারের বিরুদ্ধে আছে আন্দোলনকারীরা এ পর্যন্ত তা প্রমাণ করতে পারেনি। গত ৬ বছরেও তারা আন্দোলন গড়ে তুলতে পারেনি। আন্দোলনের নামে তারা এখন ককটেল, পেট্রোল বোমা মেরে নিরীহ মানুষকে হত্যা করছে। এটা কোন আন্দোলন নয়, এটা হচ্ছে সন্ত্রাস-সহিংসতা-নাশকতা। বোমা মেরে বিশ্বের কোন দেশে সরকার হটানোর নজির নেই। দেশের জনগণ সরকারের সাথে আছে।’
মন্ত্রী শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় রেলওয়ে ওভারপাস ও ফোরলেন প্রকল্প কাজের পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।
এ সময় মন্ত্রীর সাথে ছিলেন ফোরলেন প্রকল্পের পরিচালক ইবনে আলম হাসান, সওজ-কুমিল্লার অতিরিক্ত প্রধান প্রকৌশলী জুনায়েদ আহমেদ শিবিব, তত্ত্বাবধায়ক প্রকৌশলী কে এম আতিকুল হক, অতিরিক্ত প্রকল্প পরিচালক আবদুস সবুর, সওজ’র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সাইফ উদ্দিন, প্রকল্প ব্যবস্থাপক মাছুম সারোয়ার, উপ-প্রকল্প ব্যবস্থাপক নাহিদ সুলতানা, হাইওয়ে পূর্বাঞ্চলের পুলিশ সুপার মো. রেজাউল করিম পিপিএম, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদ মাহমুদ প্রমুখ।
ঢাকা-চট্টগ্রাম ফোরলেন সম্পর্কে মন্ত্রী বলেন, ১৯২ কিলোমিটার কাজের মধ্যে ১১৬ কিলোমিটার কাজ সম্পন্ন হয়েছে। ২৩টি ব্রিজের মধ্যে ১৭টি এবং ২৪৩টি কালভার্টের মধ্যে ২৩৬টির কাজ সম্পন্ন হয়েছে। এ মহাসড়কের ১৪টি বাইপাসে ৩২ কিলোমিটার সড়কের মধ্যে ২৩ কিলোমিটারের কাজ সম্পন্ন হয়েছে। আগামী এপ্রিলে এসব বাইপাস খুলে দেয়া হবে। এতে জুন মাসে ঢাকা থেকে চট্টগ্রাম যাতায়াতে সাড়ে চার থেকে পাঁচ ঘণ্টা সময় লাগবে। আগামী ডিসেম্বর নাগাদ ফোরলেনের কাজ শেষ হবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন। অপর এক প্রশ্নে তিনি বলেন, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে সীমান্তচুক্তি ও তিস্তার পানি বণ্টন নিয়ে আলোচনা হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী মার্চে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। তখন এসব বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হতে পারে।
