বালু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৫, ১৫:৪৪
বগুড়ায় এক বালু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকাল ১০ টায় সদরের ভাটকান্দি ব্রিজের পাশের একটি জঙ্গল থেকে শাহীন প্রাং (৩৮) নামের ওই বালু ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ। তার শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। নিহত শাহীন সদরের ভাটকান্দি এলাকার খাতের আলীর ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শাহিন বৃহস্পতিবার রাতে এলাকায় একটি ওয়াজ মাহফিলের অনুষ্ঠানে যায়। এরপর আর বাড়ি ফিরেননি।
ধারণা করা হচ্ছে, গভীর রাতে ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে ভাটকান্দি ব্রিজের পার্শ্বে জঙ্গলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। শুক্রবার সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন জঙ্গলের পাশে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
বগুড়া সদরের নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) সাইফুল ইসলাম জানান,  এলাকায় বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় দুপুর পর্যন্ত মামলা হয়নি ।