একাদশতম বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই হারের লজ্জা পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। তাই প্রথম জয়ের স্বাদ পাওয়ার লক্ষ্য নিয়ে ২১ ফেব্রুয়ারি নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে হোল্ডার ও মিসবাহ’র দল। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হবে খেলাটি।
বলাই যায়, রোমাঞ্চ দিয়েই শুরু হয়েছিলো বিশ্বকাপের একাদশতম আসর। টুর্নামেন্টের দ্বিতীয় দিনেই মুখোমুখি হয়েছিলো ভারত-পাকিস্তান। আর সেই ম্যাচে হেসেখেলে চিরপ্রতিন্দন্দ্বী পাকিস্তানকে হারিয়ে দুর্দান্ত সূচনা করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ভারত। তাই হার দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করে মিসবাহ’র দল।
একই অবস্থা হয়েছিলো ওয়েস্ট ইন্ডিজেরও। তবে ক্যারিবীয়দের হারের লজ্জাটা পরিমানে বেশিই ছিলো। কারণ ৩০৪ রান করেও আইসিসির সহযোগী সদস্য আয়ারল্যান্ডের কাছে বাজে ভাবে হারে ওয়েস্ট ইন্ডিজ। তাই এবারের বিশ্বকাপের প্রথম অঘটন হিসেবে এই ম্যাচকে অখ্যায়িত করা হয় সর্বত্র। অথচ এটি মানতে নারাজই ছিলেন আইরিশ অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড, ‘এটি অঘটন নয়। ম্যাচের আগেও আমি বলেছি- ওয়েস্ট ইন্ডিজকে হারালে অবাক হওয়ার কিছু থাকবে না।’ যাই হোক আইরিশ বধ ভুলে সামনের দিকে এগোতে চাইছে ওয়েস্ট ইন্ডিজ। তেমনটাই বললেন ক্যারিবীয় দলের সীমিত ওভারের সাবেক অধিনায়ক ড্যারেন সামি, ‘প্রথম ম্যাচে বোলিং খুবই বাজে হয়েছে আমাদের। বোলিং বিভাগ নিয়ে আরও কাজ করতে হবে। বিশ্বকাপের লড়াইয়ে ভালোভাবে টিকে থাকতে হলে পাকিস্তানের বিপক্ষে জিততে হবে। প্রতিপক্ষ অনেক বেশি শক্তিশালী। তবে এ ম্যাচে আমাদের সমানই থাকবে তারা। কারন প্রথম ম্যাচে আমরাও হেরেছি, তারাও হেরেছে।’
সামির মত আগের ম্যাচের স্মৃতি ভুলতে চাইছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদিও, ‘আগের ম্যাচে সত্যিই আমরা বাজে খেলেছি। দলের খেলোয়াড়দের আরও দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিলো। তবে ঐ ম্যাচ নিয়ে আর ভাবতে চাই না। সামনের ম্যাচ নিয়ে চিন্তাটা অনেক বেশি আমাদের। ভালো খেলতে হবে। ম্যাচও জিততে হবে।’
বিশ্বকাপে এখনপর্যন্ত নয়বার মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। জয়ের পাল্লাটা ভারী ক্যারিবীয়দেরই। ছয়বার ম্যাচ জয়ের স্বাদ পেয়েছে প্রথম দুই বিশ্বকাপের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। আর তিনবার জিতেছে ১৯৯২ বিশ্বকাপের চ্যাম্পিয়ন পাকিস্তান।
ওয়েস্ট ইন্ডিজ দল:
জেসন হোল্ডার(অধিনায়ক), মারলন স্যামুয়েলস, সুলাইমান বেন, ড্যারেন ব্রাভো, জনাথন কার্টার, শেলডন কট্রেল, ক্রিস গেইল, নিকিতা মিলার, দিনেশ রামদিন, কেমার রোচ, আন্দ্রে রাসেল, ড্যারেন স্যামি, লেন্ডল সিমন্স, ডোয়াইন স্মিথ, জেরোমে টেইলর।
পাকিস্তান:
মিসবাহ উল হক (অধিনায়ক), আহমেদ শেহজাদ, নাসির জামশেদ, সরফরাজ আহমেদ, ইউনুস খান, হারিস সোহেল, উমর আকমল, শোয়েব মাকসুদ, শহিদ আফ্রিদি, ইয়াসির শাহ, মোহাম্মদ ইরফান, রাহাত আলী, এহসান আদিল, সোহেল খান, ওয়াহাব রিয়াজ।
খবর বাসসের।
