যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও পূর্ব ইউক্রেনে সরকারি বাহিনী ও রুশপন্থী বিদ্রোহীদের মধ্যে লড়াই অব্যাহতভাবে বাড়ছে। সংঘর্ষের এসব খবরে পরিস্থিতিকে গভীরভাবে সংকটজনক বলে বর্ণনা করেছে যুক্তরাষ্ট্র।
গত রবিবার থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির আওতাধীন পূর্ব ইউক্রেনের বেশ কয়েকটি এলাকায় গত বৃহস্পতিবার গোলা হামলার খবর পাওয়া গেছে। সবচেয়ে বড় শহর দোনেস্কে গোলার শব্দ শোনা গেছে। দোনেস্কের উত্তরে বিমানবন্দরের দিকে নতুন করে লড়াই হয়েছে। দুই পক্ষ থেকেই গোলা ছোড়ার দাবি করা হয়েছে। ইউক্রেনের সরকারি বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, বিদ্রোহীরা দক্ষিণাঞ্চলের শিরোকিনী গ্রামে হামলা চালিয়েছে। এতে এক সেনা মারা গেছেন।
এছাড়া বন্দরশহর মারিউপুলের কাছের জায়গাগুলোতে গোলা হামলার জন্য বিদ্রোহীদেরকে দোষারোপ করেছে ইউক্রেন সেনাবাহিনী। দ্য অর্গানাইজেশন ফর সিকিউরিটি এন্ড কোঅপারেশন ইন ইউরোপ (ওএসসিই) দেবালসেভ শহরের কাছে গোলা হামলার খবর পাওয়ার কথা জানিয়েছে। শহরটিতে এখন পর্যন্ত পর্যবেক্ষকরা প্রবেশ করতে পারেনি। বুধবারের লড়াইয়ে কৌশলগত একটি শহর বিদ্রোহীদের দখলে চলে গেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।
এদিকে, যুদ্ধবিরতি চুক্তির পরেও সংঘর্ষের ঘটনায় পরিস্থিতিকে 'গভীরভাবে সংকটজনক' বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র। এরকম অবস্থায় সব পক্ষকে চুক্তির অঙ্গীকারগুলো মেনে চলার আহবান জানিয়েছেন হোয়াইট হাউজ। গত সপ্তাহে বেলারুশের রাজধানী মিনস্কে হওয়া চুক্তির প্রতি ইঙ্গিত করে বৃহস্পতিবার হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছে, 'গত সপ্তাহে যাতে দুই পক্ষ সম্মত হয়েছে তা একটি বাজারের তালিকা নয়। সব পক্ষ থেকে যে অঙ্গীকারগুলো করা হয়েছে, আমরা আশা করি তারা তাদের কথা রাখবে।' সূত্র: বিবিসি
