আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাঙ্গামাটির বাঘাইছড়িতে ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম কমল চাকমা (২৭)। স্থানীয় একটি সূত্র দাবি করেছে নিহত কমল চাকমা উপিডিএফ কর্মী। বৃহস্পতিবার দিবাগত ভোরে প্রায় দুই ঘণ্টা ধরে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার ভোরে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বঙ্গলতলী ইউনিয়নের বুলুবুনিয়া সরাইয় নামক স্থানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর মধ্যে বন্দুক যুদ্ধ শুরু হয়। প্রায় দুই ঘণ্টা চলা এই বন্ধুক যুদ্ধে একজন নিহত হয়েছে ।
বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরের দিকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পৌঁছে। কিন্তু সেখান থেকে কোন লাশ উদ্ধার উদ্ধার করা সম্ভব হয়নি।
স্থানীয় একটি সূত্র জানায়, দীর্ঘদিন ধরে পুরো বাঘাইছড়ি উপজেলার বেশ কয়েকটি স্থানে থেমে থেমে বন্দুক যুদ্ধ সংঘটিত হয়েছে। তবে কোন কোন গ্রুপের মধ্যে এই বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে তা কেউ নিশ্চিত করে বলতে পারেনি।
বাঘাইছড়ি উপজেলায় দীর্ঘদিন ইউপিডিএফ এর আধিপত্য থাকলেও গত উপজেলা নির্বাচনের পর থেকে বাঘাইছড়িতে জেএসএস বিভিন্ন এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা চালাচ্ছে। তারই অংশ হিসেবে কয়েকদিন ধরে বঙ্গলতলী ইউনিয়নের বুলুবুণিয়ার সরাইয় এলাকায় জেএসএস এর একটি গ্রুপ অবস্থান করছিলো। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিবাগত ভোরে দুই পক্ষের মাঝে প্রায় দুই ঘণ্টা ব্যাপী বন্দুক যুদ্ধের ঘটনায় এক জন নিহত হল।
