ফের ৭২ ঘণ্টার হরতাল

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৫, ০৯:৪৭
 
 
চলমান অবরোধের ভেতর আবারো আগামীকাল রবিবার সকাল ছয়টা থেকে ২৫ ফেব্রুয়ারি বুধবার সকাল ছয়টা পর্যন্ত দেশব্যাপী একটানা ৭২ ঘন্টার শান্তিপূর্ণ হরতাল আহবান করেছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। এছাড়াও আগামী ২৩ ফেব্রুয়ারি সোমবার সারাদেশে সকল জেলা, উপজেলা, পৌরসভা ও থানা পর্যায়ে এবং দেশের সকল মহানগরের থানায় থানায় বিক্ষোভ মিছিল করবে জোট।
 
শুক্রবার দলের যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমান এক বিবৃতিতে এই কর্মসুচি ঘোষণা করেন। প্রেস রিলিজে চলমান অবরোধ এবং ৭২ ঘন্টার হরতাল ও সোমবার বিক্ষোভ মিছিল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতা-কর্মীসহ দেশবাসীকে ২০ দলীয় জোট নেতা বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আহবান জানান হয়েছে।
 
বিবৃতিতে বলা হয়, অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে, দেশব্যাপী আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে, সারাদেশে আইন-শৃঙ্খলা বাহিনী ও সরকারদলীয় সন্ত্রাসীদের কর্তৃক বিরোধীদলীয় নেতা-কর্মীদেরকে গুম, খুন, অপহরণ, পঙ্গু ও আহত করার প্রতিবাদে, দেশব্যাপী বিরোধী দলীয় নেতা-কর্মীসহ নিরীহ জনগণকে গণগ্রেফতারের প্রতিবাদে, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে, বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ ও কুক্ষিগতকরণের প্রতিবাদে, সাংবাদিক নির্যাতন ও সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণের প্রতিবাদে, জনগণের মৌলিক ও মানবাধিকার প্রতিষ্ঠার দাবিতে, অন্যায়ভাবে মিথ্যা মামলায় গ্রেফতারকৃত বিএনপি ও ২০ দলীয় জোটের সিনিয়র নেতৃবৃন্দসহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে এবং এখনও পর্যন্তসরকার গণদাবির প্রতি তাচ্ছিল্য প্রদর্শণ করায় ২০ দলের অঙ্গীকার অনুযায়ী এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।