দুই দিনের রিমান্ড শেষে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নানকে শুক্রবার কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগারে প্রেরণ করা হয়েছে।
গাড়িতে পেট্রোল বোমা মেরে আগুন দেয়ার ঘটনায় জয়দেবপুর থানায় দায়েরকৃত মামলায় বুধ ও বৃহস্পতিবার দুই দিনের রিমান্ড শেষে সিটি মেয়র অধ্যাপক মেয়র এমএ মান্নানকে পুলিশ শুক্রবার গাজীপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে। আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আগামী ২৩ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
উল্লেখ্য, গাজীপুর পুলিশ লাইনের সামনে গত ৪ ফেব্রুয়ারি দুর্বৃত্তরা একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় সিটি মেয়র এমএ মান্নানসহ ৩৯ জনকে আসামি করে জয়দেবপুর থানায় মামলা দায়ের করে পুলিশ। এ মামলায় গত ১১ ফেব্রুয়ারি ঢাকার বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। গত ১২ ফেব্রুয়ারি জয়দেবপুর থানার পুলিশ তাকে গাজীপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করলে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
