ইকোপার্কে বেড়াতে এসে ছুড়িকাঘাতে নিহত-১, আহত-৩

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৫, ২৩:৪৯

শেরপুরের নালিতাবাড়ী উপজেলাধীন ভারত সীমান্তবর্তী ইকোপার্কে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক কলেজ ছাত্র নিহত ও অপর ৩ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে আশংকাজনক অবস্থায় শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহতের লাশ এখনও পাওয়া যায়নি বলে জানা গেছে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার শেরপুর সরকারি কলেজের অনার্স পড়ুয়া ৪ বন্ধু আব্দুর রাজ্জাক(২২), ফারুক হোসেন (২১), ইমন (২০) ও শামীম আহমেদ (২০) ব্যক্তিগত উদ্যোগে মধুটিলা ইকোপার্কে বেড়াতে আসে। পরে ইকোপার্ক থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে ভারত সীমান্ত সংলগ্ন লালপাহাড় নামক স্থানে সন্ধ্যা পাঁচটার দিকে বেড়াতে যায়। এ সময় স্থানীয় কয়েকজন ছিনতাইকারী চার বন্ধুকে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। পরে তাদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসে। এ সময় ছুরিকাঘাতে ঘটনাস্থলেই আব্দুর রাজ্জাক নিহত হয় বলে তার আহত বন্ধুরা জানায়। কিন্তু এ রিপোর্ট লেখা পর্যন্ত তার মৃতদেহ পাওয়া যায়নি। গুরুতর আহত অবস্থায় ফারুক, শামীম ও ইমনকে উদ্ধার করে সন্ধ্যা ছয়টার দিকে শেরপুর সদর হাসপাতালে প্রেরণ করেছেন স্থানীয়রা।
এদিকে হতাহতের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এসআই রুহুল আমীন প্রাথমিকভাবে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।