১৯৫২ সালের এই দিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে বাংলার তাজা-তরুণ কিছু প্রাণ তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথ রঞ্জিত করেছিল। বাঙালিকে ফিরিয়ে দিয়েছিল তাদের প্রাণের ভাষা বাংলা।
সেইসব মহান ভাষা শহীদদের প্রতিটি বাঙালি প্রতিবছর পরম শ্রদ্ধাভরে স্মরণ করে ২১ ফেব্রুয়ারিতে। সেই ধারাবাহিকতায় আজ রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সফররত ব্রিটিশ পার্লামেন্টের উচ্চ কক্ষ হাউস অব লর্ডসের স্পিকার ব্যারোনেস ডি সুজা এরপর শ্রদ্ধা জানান। তারপর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান মন্ত্রিপরিষদের সদস্য, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিরোধীদলীয় প্রধান রওশন এরশাদ, তিনবাহিনী প্রধান, আইজিপি, অ্যাটর্নি জেনারেল ও ভাষা সৈনিকরা।
দিবসটি উদ্যাপন উপলক্ষে কাল শনিবার জাতীয় পতাকা থাকবে অর্ধনমিত, উত্তোলন করা হবে কালো পতাকা। সমগ্র জাতি অপার শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করবে মৃত্যুঞ্জয়ী ভাষাশহীদদের।
