মধুখালীতে ডাকাতি প্রস্তুতি কালে আন্ত:জেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৫, ০১:০৮

ফরিদপুর জেলার মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের আমুরদি গ্রামে ডাকাতি প্রস্তুতি কালে ২ ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০টার সময় সামছু মোল্যার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম মো. সাব্বির শেখ (২২), পিতা- ছালাম শেখ, জ্যোতি মিয়া (২০), পিতা সাহাদাত ওরফে সাবু। তাদের বাড়ি উপজেলার মছলন্দপুর গ্রামে। বাকি ৪/৫ জনের ডাকাতদল পালিয়ে গিয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মধুখালী থানার এস আই মনিরুজ্জামান খান জানান, উপজেলার রায়পুর ইউনিয়নের আমুরদি গ্রামের সামছু মোল্যার বাড়ির সামনে ৬/৭ জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে হাতেনাতে ২ ডাকাতকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১টা বড় ছোরা ও ২টি ধারালো চাকু উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা আন্তজেলা ডাকাত দলের সদস্য বলে স্বীকার করে।