জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, সহিংসতা থেকে জনগণকে রক্ষার দায়িত্ব সরকারের এবং গণতান্ত্রিক রীতি-নীতির প্রতি শ্রদ্ধা রেখে সবদলের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা উচিত। একইসঙ্গে চলমান সহিংস পরিস্থিতি থেকে উত্তরণে তিনি সরকারকে কার্যকর পথ খোঁজার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার ওয়াশিংটনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে বৈঠককালে জাতিসংঘ মহাসচিব বান কি মুন এ আহ্বান জানান।
বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক ও উন্নয়ন প্রক্রিয়া জোরদারে জাতিসংঘের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন মহাসচিব। তিনি বলেন, বাংলাদেশের উন্নতি ও দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার জন্য সরকারকে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে গঠনমূলক উদ্যোগ নিতে হবে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে ধারণা পেতে জাতিসংঘের পক্ষ থেকে সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ওপর তিনি জোর দিয়েছেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিশেষ অবদানের পাশাপাশি জাতিসংঘের বিভিন্ন ফোরামে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য বাংলাদেশকে অভিনন্দন জানান মহাসচিব বান কি মুন।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বিএনপি-জামায়াত জোটের ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ থেকে নিরীহ জনগণের সুরক্ষা এবং মানবাধিকার রক্ষায় সরকার কাজ করছে বলে বান কি মুনকে অবহিত করেন। এ প্রসঙ্গে জাতিসংঘ মহাসচিব বলেন, সহিংসতা থেকে জনগণকে রক্ষার দায়িত্ব সরকারের। গণতান্ত্রিক রীতি-নীতির প্রতি শ্রদ্ধা রেখে সবদলের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা উচিত। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী দেশে একটি সমন্বিত ও অংশগ্রহণমূলক গণতান্ত্রিক চর্চার জন্য একটি অনুকূল পরিবেশ সৃষ্টি করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কেও জাতিসংঘ মহাসচিবকে অবহিত করেন।
এছাড়া পররাষ্ট্রমন্ত্রী মানবাধিকার বিষয়ক জাতিসংঘ হাইকমিশনারের সঙ্গে এ ব্যাপারে শিগগিরই আরো আলোচনার জন্য আগ্রহ প্রকাশ করেন। মানবাধিকার বিষয়ক হাইকমিশনারও ওই বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়া যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহম্মদ জিয়াউদ্দিন এবং পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বৈঠকে উপস্থিত ছিলেন। এদিকে বৃহস্পতিবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের মুখপাত্র স্টিফেন ডুজাররিক বলেছেন, বাংলাদেশের সহিংস পরিস্থিতিতে মহাসচিব উদ্বিগ্ন। বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছেন সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো। তিনি মহাসচিবের পক্ষ হয়ে কাজ করছেন। প্রয়োজন অনুযায়ী তিনি যথাযথ ব্যবস্থা নিবেন।